
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার সুযোগ নিতে চায় আর্সেনাল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে লন্ডনের ক্লাবটি। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়রকে আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। তবে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ক্লাবটির আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি আর্সেনাল এবং দুই ক্লাবের মধ্যে কোনো আলোচনাও হয়নি।
তবে দ্য অ্যাথলেটিকের দাবি, আর্সেনালের অভ্যন্তরে ভিনিসিয়ুসকে নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ মাস বাকি। নতুন চুক্তি নিয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে।
রিয়াল মাদ্রিদ অবশ্য তাদের অন্যতম সেরা তারকাকে বিনামূল্যে হারাতে চাইবে না। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের কোচ জোসে মরিনিও কোনো বড় তারকার বিদায়ের পক্ষে নন। তিনি ক্লাব কর্তৃপক্ষকে সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছেন।
এই গ্রীষ্মের বিশ্বকাপে দারুণ খেলেছেন ভিনি। ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচে চারটি গোল করেন তিনি। তবে রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।
ক্লাব পর্যায়েও ২০২৫-২৬ মৌসুমে ভালো ছিলেন ভিনি। সব প্রতিযোগিতায় ২২টি গোল করেছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয়েছে তারা।
২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে মাঠে নেমে ১২৮ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০ গোল। ফলে রিয়ালের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মন্তব্য করুন