
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের নতুন সময়সূচি এবং টিকিট মূল্য প্রকাশ করেছে। সিরিজটি শুরু হবে এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে।
এই সিরিজে বাংলাদেশ দল মুখোমুখি হবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে। দর্শকদের জন্য টিকিটের দাম শুরু হয়েছে মাত্র ২০০ টাকা থেকে।
বিসিবির ঘোষণা অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
এবার প্রথমবারের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের টিকিটমূল্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য গুনতে হবে ৪০০ টাকা। ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) রাখা হয়েছে ৬০০ টাকায়। এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিট ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার ক্যাটাগরির টিকিট মিলবে ২৫০০ টাকায়।
অন্যদিকে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একইভাবে সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখার সুযোগ থাকছে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে গড়াবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে দুইটি টি-টোয়েন্টি, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে মিরপুরে।
বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো আগে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা বেলা ১১টা করা হয়েছে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ৩টায় শুরু হবে।
মন্তব্য করুন