
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। সর্বশেষ বুধবার ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)।
কোয়াব স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে যদি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করেন, তবে দেশের সব ধরনের ক্রিকেট বয়কট করবেন ক্রিকেটাররা।
বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল (জুম) সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাই। আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট খেলবে না।
তিনি আরও বলেন, নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
প্রথম বিভাগ ক্রিকেটসহ নানা বিষয় নিয়ে আমরা বোর্ডকে যথেষ্ট সময় দিয়েছি, কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া পাইনি। উপরন্তু, এই বোর্ড পরিচালক যেভাবে শব্দ ব্যবহার করছেন, তা পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছে।
নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে জানায়, এম নাজমুলের ব্যক্তিগত মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। তবে অনুমোদিত চ্যানেল ছাড়া দেওয়া কোনো ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশের হয়ে নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের প্রতি বোর্ডের পূর্ণ সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে বুধবার বিকেলে বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। তারা খেললে ম্যাচ ফি পায়, পারফরম্যান্স অনুযায়ী টাকা পায়। বোর্ডের লাভ-ক্ষতি নেই।
তিনি আরও প্রশ্ন তোলেন, আশানুরূপ পারফর্ম না করলে কি আমরা ক্রিকেটারদের কাছ থেকে টাকা ফেরত চাই? তাহলে ক্ষতিপূরণ দেওয়ার যুক্তি কোথায়?
নাজমুলের এই বক্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তিনি আরও দাবি করেন, আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক ট্রফি আনতে পারিনি। তাহলে প্রতিবারই তো বলা যেতে পারে—যা খরচ করেছি, তা ফেরত দাও।
ভবিষ্যতে পারফরম্যান্সভিত্তিক পারিশ্রমিক কাঠামো চালুর সম্ভাবনার কথাও উল্লেখ করেন নাজমুল ইসলাম। তবে তিনি স্পষ্ট করেন, এটা আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি ২৫ জনের একজন মাত্র।
মন্তব্য করুন