
নড়াইলের কালেক্টরেট স্কুলে অফিস সহকারীর ছুরিকাঘাতে প্রধান শিক্ষক মো. উজির আলী (৩৪) আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত মো. উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
অভিযুক্ত রাকিব হোসেন (অন্তর) একই বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
বিদ্যালয় সূত্র ও পুলিশের তথ্যমতে, শিক্ষার্থীদের বেতন পরিশোধ করতে আসা কয়েকজন অভিভাবকের সঙ্গে অফিস সহকারী রাকিব হোসেনের কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, তিনি অভিভাবকদের কাছ থেকে বেতন গ্রহণ না করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস সহকারীর কাছে ঘটনার কারণ জানতে চান। একপর্যায়ে প্রধান শিক্ষক কক্ষ থেকে বের হওয়ার সময় রাকিব হোসেন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্ত রাকিব হোসেন অন্তর পালিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, আহত প্রধান শিক্ষকের হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন