
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আকবর আলী মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী মণ্ডল ওই গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের ছেলে।
নিহতের ছেলে আলী আহম্মেদ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকবর আলী মণ্ডলের পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদ, রাসেদ ও সবুর গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক মাস আগে আকবর মণ্ডলের ছেলে হাসান মণ্ডলকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরিবারের অভিযোগ, মামলার পর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ কারণে প্রাণভয়ে আকবর আলী মণ্ডল দীর্ঘদিন এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি গোপনে বাড়িতে ফিরে আসেন।
সোমবার সকালে পাটক্ষেতে কাজ করতে যাওয়ার সময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন লোক তাকে ঘিরে ফেলে। অভিযোগ রয়েছে, তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম