
যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ফেসবুকে মাদক সেবনের একটি ছবি প্রকাশকে কেন্দ্র করে শাকিল হোসেন (২৭) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে যশোর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবি খাতুন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সন্ধ্যার পর শাকিল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় যুবক রাজের ইয়াবা সেবনের একটি ছবি প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলার পরিকল্পনা করেন।
অভিযোগ অনুযায়ী, ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শাকিলের গতিরোধ করে রিপন কলু, তারেক হাসান অন্তর, সাজান কলু, রাজসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তারা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারধর করেন। হামলায় শাকিলের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা মারধর অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে আহতের মা রুবি খাতুন জানান, তার ছেলে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি করার জন্য বাড়ি থেকে বের হলে আবারও হামলার শিকার হওয়ার আশঙ্কায় তারা তাকে হাসপাতালে নিতে পারছেন না।
মন্তব্য করুন