
যশোরের বাঘারপাড়ায় চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করে বিক্রির মামলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক আলমগীর হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ওই সময় জামাল, সেতু ও এনামুলকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, অভিযানের সময় ফার্মহাউসের প্রাচীরের ভেতরে একটি চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করার কাজ চলছিল। পুলিশের তদন্তে জানা যায়, চোরাই ট্রাকটি কেটে বিক্রির উদ্দেশ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় যশোর শহরের বকচর হুশতলা মাঠপাড়ার হাসান শিকদারের ছেলে হামজাকেও আটক করা হয়।
পুলিশ জানায়, মামলার কয়েকজন আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর হোসেনের নাম উল্লেখ করেন। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে খাজুরা বাজার এলাকা থেকে আটক করা হয়।
পরে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন