
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের বিরুদ্ধে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, হারুন-অর-রশীদ তার প্রবাসী ছেলের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক ও বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিলেন।
সম্প্রতি বিষয়টি নিজের পরিবারই হাতেনাতে ধরা ফেলে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জানা গেছে, অভিযুক্ত হারুন নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং উল্টো ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছেন। যদিও বিষয়টি নিয়ে বিএনপির পক্ষথেকে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানাজানি হলে শনিবার বিকালে পদ্মবিলা বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের ডাক দেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত হারুন-অর-রশীদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা ও বহিষ্কারের আশ্বাস দেন।
এতে এলাকাবাসী সাময়িক কর্মসূচি স্থগিত করেন। এ বিষয়ে বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, বিষয়টি বিএনপির নজরে এসেছে। শনিবার সদর উপজেলা বিএনপির একটি টিম খোঁজ খবর নিয়ে গেছে। উভয়পক্ষের সাথে কথা বলেছেন।
এ বিষয়ে যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন , বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত চলছে। রোববার তদন্ত কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার হারুন অর রশিদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এসব অভিযোগ মিথ্যা বলে ফোনটি কেটে দেন।
মন্তব্য করুন