
যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুরাডাঙ্গা আমতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সাকিব যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে সাকিব বাড়ি ফিরছিলেন। পথে সুরাডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ (৬০) ও তার তিন ছেলে বিপ্লব (৩৫), সুমন (৪৫) ও মাসুদ (৪০) সহ ৭-৮ জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত সাকিবের বাবা আখতারুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন