
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অন্যতম হোতা হিসেবে পরিচিত সাজু বদ্দিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শার্শা থানায় নেওয়া হলে তার সমর্থকরা সেখানে জড়ো হয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতেই তাকে কড়া নিরাপত্তায় যশোর জেলা সদরে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের বাসিন্দা সাজু বদ্দির বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, মাদক ও সহিংসতার অভিযোগে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চক্র ও স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। তবে নানা কারণে এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের নথি অনুযায়ী, সাজু বদ্দির বিরুদ্ধে অন্তত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৮ সালে শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। এসব মামলার এফআইআর নম্বর যথাক্রমে ৫৫/৪৯১ (৩১ অক্টোবর ২০১৮), ৩০/৪৬৬ (১৫ অক্টোবর ২০১৮) এবং ১৫/৪০৩ (৮ সেপ্টেম্বর ২০১৮)। এসব মামলায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা ১৫(৩) ও ২৫-ডি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫ ও ৬ ধারায় তাকে অভিযুক্ত করা হয়।
এ ছাড়া ২০১৭ সালের ২২ মে শার্শা থানায় অস্ত্র আইনের ১৯(f)/১৯-৪ ধারায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ২০১৪ সালে একই থানায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় একটি এবং ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়। এসব মামলার প্রতিটিতেই সাজু বদ্দির নাম এজাহারে উল্লেখ রয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, এসব মামলার বেশিরভাগই সহিংসতা, বিস্ফোরক ব্যবহার ও অস্ত্রসংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ২২ মে পাঁচভুলট গ্রামে নিজ বাড়ি থেকে অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে আবারও এলাকায় সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাজু বদ্দির নাম শুনলেই মানুষ ভয় পেত। এলাকায় তার প্রভাব ছিল এবং অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস করতেন না।
পুলিশি নথিতে আরও দেখা গেছে, সাজু বদ্দির বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাও রয়েছে। ২০১৯ সালের ৪ জুলাই শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় দায়ের করা একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়। এছাড়া ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১) ধারার ৩(খ) অনুযায়ী দায়ের করা আরেকটি মামলাতেও তার নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাজু বদ্দিকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও ঘনিষ্ঠ কয়েকজন থানার সামনে জড়ো হন। পুলিশের একাধিক সূত্র জানায়, একপর্যায়ে উত্তেজিত কয়েকজন তাকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে তাকে কড়া নিরাপত্তায় যশোর জেলা সদরে পাঠানো হয়।
মন্তব্য করুন