
যশোর শহরের আর এন রোড পিকআপ স্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম বাঁধন মন্ডল (২২)। তিনি যশোর সদর উপজেলার সিটি কলেজ পাড়া এলাকার গৌরাঙ্গ মন্ডলের ছেলে।
সূত্র জানায়, কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে বাঁধন মন্ডল আর এন রোড পিকআপ স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে একা পেয়ে দু’জন যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর আশপাশের পথচারীরা রক্তাক্ত অবস্থায় বাঁধন মন্ডলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন