মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

যশোরে ছয় আসনে চূড়ান্ত লড়াইয়ে ৩৪ প্রার্থী

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
যশোরে ছয় আসনে চূড়ান্ত লড়াইয়ে ৩৪ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই আবেদন জানান।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী তিন প্রার্থী হলেন- যশোর-১ আসন থেকে শার্শা উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসন থেকে এনসিপি’র কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল¬াহ ও যশোর-৪ আসন থেকে কৃষক দলের কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবের পুত্র স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ।

মঙ্গলবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এক বিজ্ঞপ্তিতে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। এই নির্বাচনী কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং তা বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যশোর-২ আসনের প্রার্থী জহুরুল ইসলাম। যশোরের ৩টি সংসদীয় আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার পর দু’টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। এর মধ্যে যশোর-২ আসনে জহুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তবে যশোর-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন এখনও লড়াইয়ে রয়েছেন। তিনি মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি। ফলে এই আসনটিতে জামায়াত, স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার রাতে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হামলা মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।

তিনি আরো বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেই এবং তিনি সিল স্বাক্ষর করেন। কিন্তু পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটা কেটে দেন। তিনি জানান, নির্বাচন আইন অনুযায়ী এটা নিতে পারেন না। আমি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করলেও সেটা গ্রহণ করা হয়নি। আমি কোনভাবেই প্রার্থী হতে ইচ্ছুক না। ব্যালট পেপার যাতে আমার নাম ও প্রতীক না আসে সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে জেলার ৬টি আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মঙ্গলবার তিনজনের প্রত্যাহার ও একজনের সরে দাঁড়ানোর ঘোষণার পর জেলার ছয়টি আসনে এক বিদ্রোহীসহ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন ৩৪ জন প্রার্থী।

যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে রয়েছেন বিএনপির সাবিরা সুলতানা, জামায়াতে ইসলামীর মোহম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী ইমরান খান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী শামছুল হক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী রিপন মাহমুদ।

যশোর-৩ (সদর) আসনে থাকছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, জাতীয় পার্টির খবির গাজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী নিজামদ্দিন অমিত ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (বাসদ) প্রার্থী রাশেদ খান।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লড়াই করবেন বিএনপির মতিয়ার রহমান ফারাজী, জামায়াতে ইসলামীর গোলাম রসুল, স্বতন্ত্র এম নাজিম উদ্দীন আল আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, খেলাফত মজলিসের মাওলানা আশেক এলাহী, জাতীয় পার্টির জহুরুল হক ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।

যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির এম এ হালিম, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলনের জয়নাল আবেদিন, স্বতন্ত্র শহীদ মো. ইকবাল হোসেন এবং বিএনপির রশীদ আহমাদ।

যশোর-৬ (কেশবপুর) আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির জি এম হাসান, বিএনপির আবুল হোসেন আজাদ, এবি পার্টির মাহমুদ হাসান, জামায়াতে ইসলামীর মুক্তার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম।

সার্বিক প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের পরিবেশ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, যশোরের ৬টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৮২৪টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষে ১৪ হাজার ৮৬১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ জন এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X