
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত তাঁর বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। যাত্রাপথজুড়ে তাঁর গাড়িবহরকে ঘিরে রাখা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায়। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমান আবারও বাংলাদেশে ফিরবেন। দীর্ঘ ১৭ বছর পর ওই দিন সপরিবারে দেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের কয়েক দিনের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বর্তমানে তিনি ভালো আছেন এবং চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপির পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসা ও সেবায় ডা. জুবাইদা রহমান একজন মায়ের মতো দায়িত্ব পালন করেছেন। সপরিবারে ঢাকায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তাঁর এই লন্ডন যাত্রা বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন