
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ, রাজনৈতিক অঙ্গন এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বরিশাল সফর চূড়ান্ত হলেও জনসভার স্থান, সময় এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচির সূচি এখনও নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সফরের বিস্তারিত কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রটোকল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সরকারপ্রধানের এই সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সুশীল সমাজ ও উন্নয়ন সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে গতি আসতে পারে।
বিশেষ করে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা পর্যটন এলাকার মধ্যে যোগাযোগ উন্নয়নের পরিকল্পনাও নতুন গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন তারা।
এদিকে তারেক রহমানের সফর সফল করতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সফরকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
সফরের প্রস্তুতি নিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসবেন বলে দলীয়ভাবে তারা জানতে পেরেছেন। সফর সফল করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সর্বশেষ বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় নগরীর বান্দ রোডের বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সরকার গঠনের পর এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন।
মন্তব্য করুন