সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সিইসি

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:৫০ পিএম
সিইসি এ এম এম নাসির উদ্দিন।

স্থানীয় সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও রক্তপাতহীন করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, অতীতের সহিংসতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সংঘাতমুক্ত নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন্স (আনফ্রেল)-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই বেশি সংঘাতপূর্ণ হয়ে থাকে। তাই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সহিংসতা বন্ধ করা।

তিনি বলেন, আমরা কোনো রক্তপাত চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই। এজন্য রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

নাসির উদ্দিন আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তারাও দেশের মঙ্গল ও গ্রহণযোগ্য নির্বাচন চাইবে বলে কমিশনের বিশ্বাস।

সংঘাতমুক্ত নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সিইসি। তিনি জানান, এ বিষয়ে সচেতনতা কর্মসূচি চালু করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিইসি অতীতের সহিংসতার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর তথ্য অনুসারে ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন নিহত হন।’

সিইসি বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমাদের চেষ্টার সঙ্গে সকলের সহযোগিতা পেলে দেশের স্বার্থে, সকলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে—গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে হলে হয় না, তৃণমূলের গণতন্ত্র আরো বেশি গুরুত্বপূর্ণ। ইউপি সদস্যরা সরাসরি মানুষের সেবার সঙ্গে জড়িত। গণতান্ত্রিক সরকারের সেবাগুলো স্থানীয় সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। তাই স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ।’

দলীয় সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে ইসি চাপ বোধ করবে কিনা—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনের জন্য সরকার মূল অংশীজন। তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। কারণ, সরকারের সব এজেন্সিকে আমরা কাজে লাগাই। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ সব সরকারের লোক।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছি, তা তারা দিয়েছিলেন। নির্বাচনের সফলতার জন্য তাদের অবদান অবশ্যই আছে। গণতান্ত্রিক সরকারের সময়ে সে উদাহরণ আমরা সৃষ্টি করতে পারব। কারণ, রাজনীতিবিদেরা দেশের কথা চিন্তা করেন, মঙ্গলের কথা চিন্তা করেন। তাই সবাই মিলে আমরা ভালো নির্বাচন দিতে পারব।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ সরকারের অধীনে তো আমরা কোনো নির্বাচন করিনি। তাই এ নিয়ে আগাম কোনো মন্তব্য করা যায় না।’

তিনি বলেন, ‘আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন। দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১ জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভা রয়েছে। এসব পর্যায়ের নির্বাচন আয়োজন একটি বিশাল দায়িত্ব। এখানে সহযোগিতা আরো বেশি প্রয়োজন।’

ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। কারণ, সর্বোচ্চ আদালতে দুটি মামলা বিষয়টি বিচারাধীন আছে। তবে আমরা কারও প্রতি দয়া দেখাইনি।’

ভোটের অভিজ্ঞতা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ইসির কর্মশালার বিষয়ে সিইসি বলেন, ‘কোথায় কোথায় আমাদের উন্নতি করতে হবে তা চিহ্নিত করছি। কারণ নির্বাচন কমিশন দুটো জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটি নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন এসে নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চাই। আমাদের চ্যালেঞ্জগুলো কী ছিল, তাদের কোথায় উন্নতি করতে হবে—এগুলো প্রতিবেদনে উল্লেখ থাকবে।’

ভোটার সচেতনতা কর্মসূচি ইসি গ্রহণ করবে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে কথা বলব। বিশেষ করে রাজনৈতিক দলের সমর্থন খুবই দরকার। তাদের সমর্থন ছাড়া সংঘাতহীন স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না।

কারণ ইতিহাস ঘেঁটে দেখা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত হয়েই থাকে। জাতীয় নির্বাচন যেহেতু সংঘাতমুক্ত করা গেছে, স্থানীয় সরকার নির্বাচনেও তা পারব—সে আত্মবিশ্বাস আছে। কমিশন সে চেষ্টা করবে বলেও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, ইসি কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না। আমরা সকলের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে।’

সিইসি বলেন, ‘এ দেশের কিসে মঙ্গল, কিসে ভালো তা নিয়ে সর্বক্ষণ আমাকে ভাবতে হয়। আমি সিইসি না হলেও বাসায় বসে তা চিন্তা করতাম। এ নিয়ে অনেক লেখালেখি করেছি। যেকোনো পরিস্থিতিতে দেশের মঙ্গল চিন্তা করি আমি।

নির্বাচন প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাচ্ছিলাম নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতাটা যাক। তাদের পরিস্থিতি সামলাতে দিন। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার বছরের পর বছর চলবে—তা গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সরকার আসতেই হবে, যার মাধ্যমে সবকিছু করা সম্ভব হয়। দেশের উন্নয়ন নিশ্চিত করা যায়।’

শেষে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা ও সাহসকে কাজে লাগিয়ে সবার সহযোগিতায় নির্বাচন সফলভাবে আয়োজন করতে চান নির্বাচন কমিশন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X