সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকার ঢাকাকে পিছিয়ে দিয়েছে ১৮ বছর: আবদুস সালাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:২২ পিএম
মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে রাজধানী ঢাকার পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তার ভাষায়, এ সময়ে ঢাকা শহর অন্তত ১৮ বছর পিছিয়ে গেছে।

রোববার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আবদুস সালাম বলেন, পরিবেশ নিয়ে যারা অতীতে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। কিন্তু বাস্তবে তারা পরিবেশ উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। বরং অপরিকল্পিত ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে রাজধানীতে যানজট, হকার সংকট, বায়ুদূষণ এবং নাগরিক দুর্ভোগ আরও বেড়েছে।

তিনি বলেন, শুধু বক্তব্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়; বাস্তবমুখী উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নগর সমস্যার সমাধান করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ সংকট মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বায়ুদূষণ ও শব্দদূষণের জন্য কেবল সিটি করপোরেশনকে দায়ী না করে নাগরিকদের অসচেতনতাকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, জনগণ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে অনেক সমস্যাই কমে আসত।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার আশঙ্কা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, নিজেদের বাসাবাড়িতে মশার প্রজননস্থল তৈরি করে পরে সিটি করপোরেশনকে দায়ী করা উচিত নয়। নাগরিকদের সচেতনতা বাড়লে দুই বছরের মধ্যেই ঢাকার চিত্র বদলে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুস সালাম বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে পরীক্ষামূলকভাবে একটি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনের মতো সেবাগুলো ভূগর্ভস্থ করা হচ্ছে। ভবিষ্যতে পুরো ঢাকায় এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ঢাকার খাল ও জলপথ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে পানি প্রবাহের জন্য অন্তত ১৫ থেকে ২০টি আউটলেট থাকা প্রয়োজন ছিল। কিন্তু তা না থাকায় নিউমার্কেটসহ নিচু এলাকাগুলোতে দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

অপরিকল্পিত নগরায়ণের সমালোচনা করে তিনি বলেন, পুরান ঢাকাসহ বহু আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে ১৫ থেকে ২০ লাখ মানুষের বসবাসের উপযোগী ছিল, সেখানে বর্তমানে কোটি মানুষ বসবাস করছে। এতে যানজট ও হকার সমস্যা আরও তীব্র হয়েছে। একই সঙ্গে ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও তুলে ধরেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার ব্যবস্থাও চালু করা হবে।

আসন্ন ঈদকে সামনে রেখে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতির কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুরবানির আট ঘণ্টার মধ্যে রাজধানীর সব বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।

ঢাকাকে বাসযোগ্য রাখতে জনগণ ও সিটি করপোরেশনের যৌথ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। একই সঙ্গে ডাস্টবিন ও সড়কবাতি চুরির মতো ঘটনাগুলো বন্ধে নাগরিকদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সঞ্চালনা করেন সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। এতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X