সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সোম বা মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
সোম বা মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজনের প্রস্তুতি চলছে। শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। একই দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তি। তবে নির্ধারিত তিন দিনের মধ্যে তা না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন।

কিন্তু বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন। ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে অনুপস্থিত। ফলে প্রয়োজনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের মাধ্যমে শপথ আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে সে ক্ষেত্রে গেজেট প্রকাশের পর সাংবিধানিকভাবে তিন দিন অপেক্ষা করতে হবে।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিকল্প প্রস্তাব এলে শপথের সময়সূচি এগিয়ে আনার সম্ভাবনাও রয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুটি আসনের ফলাফল উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

গতকাল বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। সবগুলো আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ফলাফল বিবরণী আসার পর দ্রুত গেজেট প্রকাশের ব্যবস্থা করা হবে। শুক্রবার (গতকাল) সন্ধ্যা নাগাদ এই ফলাফল বিবরণী পাওয়া শুরু হবে। তিনি বলেন, ইসি তাড়াতাড়ি গেজেট প্রকাশ করতে চায়। দেরি করার কোনো কারণ নেই।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের শপথ সম্পর্কে বলা আছে। সেখানে বলা হয়েছে, ‘১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোন ব্যক্তি যেকোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

অন্যদিকে সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন পদের শপথ সম্পর্কে বলা আছে। সেখানে বলা হয়েছে, সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পিকার। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সংবিধানে বলা আছে, পদত্যাগ করলেও স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল আছেন বলে গণ্য হবেন। সে হিসেবে শপথ পড়ানোর ভার স্পিকারের।

এ ছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, বিদায়ী স্পিকারের বা তার অনুপস্থিতিতে বিদায়ী ডেপুটি স্পিকারের এবং উভয়ের অনুপস্থিতিতে বিদায়ী স্পিকারের মনোনীত ব্যক্তির সামনে সংসদ সদস্যরা নির্ধারিত ফরমে শপথ নেবেন এবং সই করবেন।

হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে। এ ছাড়া বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে শপথ নেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও নেতিবাচক অবস্থান আছে বলে জানা গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কাউকে শপথের দায়িত্ব দিতে হলে সেটা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মনোনীত ব্যক্তি হতে হবে। এ ক্ষেত্রে সিইসির মাধ্যমে শপথ পড়ানোর বিকল্পটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইন বিশ্লেষকেরা বলছেন, এর বাইরেও শপথ–সংক্রান্ত কিছু জটিলতা আছে। কারণ, সংবিধানে বলা আছে, সংবিধানের ১২৩(৩) দফার অধীনে অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনে বিজয়ীদের শপথের কথা। কিন্তু এবারের জাতীয় নির্বাচন ওই অনুচ্ছেদ অনুযায়ী হয়নি। ১২৩(৩) অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে সংসদ ভাঙার আগের ৯০ দিনের মধ্যে এবং অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে জারি করা ওই তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘সংবিধানের ৬৫ অনুচ্ছেদ (সংসদ প্রতিষ্ঠাসংক্রান্ত) এর অধীন সংসদ গঠনের লক্ষ্যে ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন’।

কিন্তু পরে এই প্রজ্ঞাপন সংশোধন করে ১২৩ অনুচ্ছেদের বিষয়টি বাদ দেওয়া হয়। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলিয়া উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫ এর অধীন সংসদ গঠন করিবার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করিবার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হইতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাইতেছে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি পরিবর্তিত পরিস্থিতিতে একধরনের রাজনৈতিক ঐকমত্যের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন শপথের বিষয়টিও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সমাধান করা যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X