
টানা ১৩ দিন সামরিক হামলার পর ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন উদ্বেগ থেকেই ট্রাম্প হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর ইরানে সামরিক হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে অ্যাক্সিওস সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু না হলে বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে—এমন উপলব্ধিরও প্রতিফলন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পরিস্থিতির প্রয়োজনে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ফলে হামলা স্থগিতের পরও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
মন্তব্য করুন