
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনে আবারও জয়ী হয়ে ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক ইসরায়েল ছাড়ার কথা ভাবছেন। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
শনিবার ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১২-এর একটি জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রকাশিত ওই সমীক্ষার তথ্য অনুযায়ী দেশের অন্য ৬৮ শতাংশ নাগরিক জানিয়েছেন যে তারা এই মুহূর্তে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না এবং অবশিষ্ট উত্তরদাতারা এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। নেতানিয়াহুর নতুন সম্ভাব্য শাসনকাল নিয়ে নাগরিকদের এই বড় অংশের নেতিবাচক মনোভাবের বিষয়টি মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
জরিপে আরও দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার চলতি সপ্তাহে যে বিতর্কিত আইন পাস করেছে, তার বিরোধিতা করেছেন প্রায় ৬৭ শতাংশ নাগরিক। মাত্র ২১ শতাংশ মানুষ ওই আইনি পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নতুন আইনটিতে তাওরাত অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়ার পাশাপাশি সামরিক সেবা এড়িয়ে চলা কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার থেকে সুরক্ষা দেওয়ার বিধান রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীকে সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত এবং সরকারের বিভিন্ন নীতির কারণে সাধারণ নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরই প্রতিফলন হিসেবে নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় ফিরলে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি নাগরিক।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম