
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, হামলায় অস্ত্রের গুদাম ও এমকিউ-৯ ড্রোন মোতায়েনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কয়েক ঘণ্টা আগে বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজে ব্যবহৃত অস্ত্র এবং বিভিন্ন যন্ত্রাংশ সংরক্ষণের একাধিক গুদাম ধ্বংস হয়েছে। পাশাপাশি কুয়েতের আলি সালেম ঘাঁটিতে এমকিউ-৯ ড্রোন মোতায়েনের র্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়ে কয়েকটি ড্রোন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত করার দাবিও করেছে তারা।
এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানায়, দেশের আকাশসীমায় শনাক্ত হওয়া শত্রুপক্ষের প্রজেক্টাইল প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময়ে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় টানা চতুর্থবারের মতো বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে।
সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক হলেও, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের হামলায় লক্ষ্যবস্তু হওয়া কুয়েতের একটি স্থাপনায় আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। কুয়েতের সরকারি বার্তাসংস্থার বরাত দিয়ে দেশটির ফায়ার ফোর্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এ ঘটনায় কেউ আহত হয়নি।
অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। একই সঙ্গে দেশটির জনগণকে কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম