
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ টোল আদায় করা হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, খুব শিগগিরই আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব।
এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা পূরণের জন্য প্রণালি ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ হারে টোল আরোপ করা হবে। তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
তিনি বলেন, “এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে পরিচিত হবে, কিন্তু সেই হিসেবে এবং ন্যায্যতার খাতিরে, নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের কাজটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল খরচের জন্য প্রেরিত সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করা হবে।” তিনি আরও যোগ করেন যে, এর বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের বন্দরগুলোতে অবরোধ পুনরায় বলবৎ করেছি। তাই এখন থেকে ইরানের কোনো জাহাজ বা তাদের কোনো গ্রাহক হরমুজু প্রণালি ব্যবহার করে প্রবেশ কিংবা নির্গমণ করতে পারবে না। অন্য সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খোলা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ বেঁধে যাওয়ার প্রায় ৩ মাস পর ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান; কিন্তু গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা করার পর ফের উস্কে ওঠে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, যা এখনও চলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের একটি বড় কারণ— হরমুজে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়ের আকাঙ্ক্ষা। ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লিখিত ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ামাত্র হরমুজ থেকে টোল আদায় শুরু করবে ইরান।
সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম