
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক।
সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে স্বাক্ষরের মাধ্যমে সেখানে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ এবং সত্য বলে প্রত্যয়ন করেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
এ ছাড়া এমন তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
মন্তব্য করুন