
ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগে হঠাৎ আগুন লাগার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফ্ফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত আইসিইউতে ভোর আনুমানিক ৩টা ৫৫ মিনিটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে।
স্থানীয়রা ভবনের ওপর তলা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে একাধিক দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুজাফ্ফরপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাম নিবাস পাণ্ডে জানান, আগুনের সময় আইসিইউতে থাকা রোগীরা ঘন ধোঁয়ার কারণে মারাত্মকভাবে আটকে পড়েন।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের মধ্যে দুজন রোগী ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে মারা যান।
উদ্ধার করা অন্যান্য গুরুতর রোগীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানান, দুর্ঘটনার সময় আইসিইউতে প্রায় ১৩ জন গুরুতর রোগী এবং সিসিইউতে আরও কয়েকজন রোগী ভর্তি ছিলেন।
অগ্নিকাণ্ডের পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) অথবা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে প্রশাসন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।
তদন্তে গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
এর মাত্র একদিন আগেই ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত এবং ২৬ জন আহত হন।
সেই ঘটনার তদন্তে ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা উঠে আসে। সংকীর্ণ বের হওয়ার পথ, বন্ধ জানালা এবং স্বয়ংক্রিয় দরজা ব্যবস্থা দুর্ঘটনার মাত্রা আরও বাড়িয়ে দেয়।
একাধিক ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতাল ও আবাসিক ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম