মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের নজর এখন হরমুজ প্রণালির তলদেশে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:৪৫ এএম
ইরানের নজর এখন হরমুজ প্রণালির তলদেশে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির তলদেশে স্থাপিত সাবমেরিন ইন্টারনেট কেবলকে নতুন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে ইরান। এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে প্রবাহিত বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান-প্রদানে সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রসমর্থিত এবং সামরিক ঘনিষ্ঠ মহল থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল ব্যবহারের জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফি আদায় করা হতে পারে।

ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যমগুলো দাবি করেছে, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো বহুজাতিক প্রযুক্তি কোম্পানিকে ইরানের আইন মেনে চলতে হবে। একই সঙ্গে এসব কেবল ব্যবহারের জন্য লাইসেন্স ফি প্রদানের কথাও বলা হয়েছে।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব।”

এছাড়া সতর্ক করা হয়েছে, কোনো কোম্পানি বা অপারেটর ইরানের নির্দেশনা না মানলে কেবল কার্যক্রমে বাধা সৃষ্টি করা হতে পারে।

বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক সাবমেরিন কেবলের মাধ্যমে পরিচালিত হয়। এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে শুধু ইন্টারনেট নয়, বরং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা এবং বৈশ্বিক বাণিজ্যিক তথ্য প্রবাহ পরিচালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে বড় ধরনের “ডিজিটাল বিপর্যয়” দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ডুবুরি, ক্ষুদ্র সাবমেরিন এবং আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে সাবমেরিন কেবল লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে।

যদিও ইরান সরাসরি কেবল ধ্বংসের হুমকি দেয়নি, তবে দেশটির কর্মকর্তারা ও রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যম বারবার আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, একটি বড় ধরনের হামলা বহু মহাদেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খল বিপর্যয় সৃষ্টি করতে পারে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইন্টারনেট বিভ্রাট দেখা দিলে তেল ও গ্যাস রপ্তানি, আন্তর্জাতিক ব্যাংকিং সেবা এবং বৈশ্বিক আর্থিক লেনদেনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে।

ভারতের মতো বড় অর্থনীতিও আউটসোর্সিং ও প্রযুক্তিনির্ভর সেবাখাতে ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্যমতে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়া কেবলগুলো বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম বহন করে। ফলে বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে, কিন্তু আঞ্চলিক ক্ষতির ঝুঁকি থাকবে উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, সাবমেরিন কেবলকে লক্ষ্য করে আঘাত করা নতুন কোনো কৌশল নয়। ১৯ শতকের টেলিগ্রাফ যুগ থেকেই যুদ্ধ ও কৌশলগত সংঘাতে এ ধরনের অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার ইতিহাস রয়েছে।

আধুনিক সময়েও বিভিন্ন সংঘাত বা নৌ দুর্ঘটনার কারণে কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার বহু নজির রয়েছে। ২০২৪ সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট এক ঘটনায় লোহিত সাগরে তিনটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। এতে আঞ্চলিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় এক-চতুর্থাংশ বিঘ্নিত হয়েছিল।

ইরান দাবি করছে, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (ইউএনসিএলওএস) অনুযায়ী নিজেদের জলসীমা দিয়ে যাওয়া কেবল নিয়ন্ত্রণ এবং ফি আরোপের অধিকার তাদের রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি একটি প্রাকৃতিক আন্তর্জাতিক জলপথ হওয়ায় এটি সুয়েজ খালের মতো নয়। ফলে বিদ্যমান আন্তর্জাতিক চুক্তিতে একতরফা পরিবর্তন আনা জটিল আইনি বিরোধ তৈরি করতে পারে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান এখন বুঝতে শুরু করেছে যে হরমুজ প্রণালি শুধু তেল পরিবহনের করিডর নয়, বরং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র।

বিশ্লেষকদের ধারণা, সাবমেরিন কেবলকে কেন্দ্র করে নতুন এই কৌশলের মাধ্যমে তেহরান শুধু অর্থনৈতিক সুবিধাই অর্জন করতে চায় না, বরং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X