মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানে বিক্ষোভকারীদের বিচার শুরু, পারমাণবিক নিরাপত্তায় ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
ইরানে বিক্ষোভকারীদের বিচার শুরু, পারমাণবিক নিরাপত্তায় ঝুঁকি

ইরানের সাম্প্রতিক দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা বিক্ষোভকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেও ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের সম্পদ জব্দ ও বিচারের কাজ শুরু করেছে।

বিশ্লেষকরা সতর্ক করছেন যে, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক পিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা পারমাণবিক উপকরণ ভুল হাতে পড়ার সম্ভাবনা বাড়ায়, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চার দশকের শাসন শেষ হওয়া উচিত। এর আগে খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে সরকারবিরোধী বিক্ষোভের পেছনে যুক্ত হওয়ার জন্য দোষারোপ করেন।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের বিচারের কাজ এখনই শুরু হয়েছে। তিনি আরও বলেন, যার শাস্তি প্রাপ্য তাকে যদি অযৌক্তিকভাবে ছাড়া হয়, তা ন্যায়বিচারের পরিপন্থি হবে।

এদিকে, রোববার অল্প সময়ের জন্য সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু হলেও ইরানের অধিকাংশ নাগরিক এখনো ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘ইসলামী সহানুভূতি’ পেতে পারেন।

তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে, তা শুরু হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্রান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করেন, যা পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও ইরানি কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের অভ্যন্তরে আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে। বিক্ষোভকে উসকে দিতে এসব দেশের গোয়েন্দা সংস্থা হাজারো মানুষকে হত্যা করেছে।

এ ছাড়া ইরানি কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিক্ষোভে অস্ত্র ও অর্থের জোগান দিয়েছে।

ইরান সরকারের ভাষ্যমতে, হাজার হাজার মানুষ হত্যার জন্য রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং সশস্ত্র ও প্রশিক্ষিত ‘সন্ত্রাসীরা’ সরাসরি দায়ী। সরকারি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কাজ করা ব্যক্তিরা শান্তিপূর্ণ বিক্ষোভ ভিন্ন খাতে পরিচালনা করতে গুলি ও ছুরি চালিয়েছে।

বিদেশভিত্তিক পর্যবেক্ষক এবং ইরানের বাইরে থাকা বিরোধীদের দাবি, অধিকাংশ বিক্ষোভকারী রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর সর্বশেষ তথ্যমতে, তারা ৩ হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। পাশাপাশি আরও ৪ হাজার ৩০০-এর বেশি মৃত্যুর খবর তারা যাচাই করে দেখছে। বিক্ষোভে ২ হাজার ১০৭ জন গুরুতর আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

বিক্ষোভ শুরুর পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা ইরানকে হুঁশিয়ার করে চলেছেন। এর মধ্যে ইরানের শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হস্তক্ষেপ করলে ফল ভুগতে হবে। সোমবার পাল্টা হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইরান যদি একটাও ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইসরায়েল সর্বশক্তি প্রয়োগ করবে। এমন আক্রমণ করবে যে ইরান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

এখন গ্রেপ্তারকারীদের বিচার শুরু হওয়ায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা পারমাণবিক ঝুঁকির কথা তুলেছেন।

পারমাণবিক উপকরণ হারানোর আশঙ্কা: ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রধান ও সাবেক অস্ত্র পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেন, ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিলে সরকার পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হতে পারে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সবচেয়ে উদ্বেগজনক।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০.৯ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ—অস্ত্রমানের ৯০ শতাংশে পৌঁছাতে আর খুব বেশি প্রযুক্তিগত ধাপ প্রয়োজন নেই।

আইএইএ আরও জানায়, গত জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তারা এই ইউরেনিয়ামের অবস্থান ও নিরাপত্তা যাচাই করতে পারছে না। সংস্থাটি ‘জ্ঞানগত ধারাবাহিকতা হারানোর’ কথা স্বীকার করেছে।

ডেভিড অলব্রাইটের মতে, এই ইউরেনিয়াম প্রায় ১৮-২০টি পরিবহনযোগ্য সিলিন্ডারে রাখা সম্ভব, যার প্রতিটি বহনে দুজন মানুষই যথেষ্ট। ফলে চুরি বা গোপনে সরিয়ে নেওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

বোমা তৈরির সম্ভাবনা: অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কেলসি ড্যাভেনপোর্ট বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে এই ইউরেনিয়াম গোপন পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে বা সরকারের কোনো অংশ কিংবা সামরিক গোষ্ঠীর হাতে চলে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানান, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েও পারমাণবিক বিস্ফোরণ ঘটানো সম্ভব, যদিও তা সাধারণ পারমাণবিক অস্ত্রের তুলনায় বড় ও ভারী হবে এবং ক্ষেপণাস্ত্রে বহন করা কঠিন। তবুও পরীক্ষামূলকভাবে মরুভূমিতে বিস্ফোরণ ঘটানো যেতে পারে।

বুশেহর পারমাণবিক কেন্দ্রও ঝুঁকিতে: অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগে ইরানের একমাত্র বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে নাশকতা বা হামলার আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রটি রাশিয়ার সরবরাহকৃত জ্বালানিতে পরিচালিত হলেও সেখানে বড় ধরনের দুর্ঘটনা হলে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে তেজস্ক্রিয় বিকিরণ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে এখন পর্যন্ত ইরান তার নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বই একটি নতুন পারমাণবিক সংকটের মুখোমুখি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X