
ব্যবহারকারীদের চ্যাট ও ডেটার নিরাপত্তা আরও জোরদার করতে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সাম্প্রতিক সময়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের পর কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শিগগিরই চালু হতে পারে পাসকি-ভিত্তিক এনক্রিপশন এবং নিজস্ব ক্লাউড ব্যাকআপ সিস্টেম।
পাসকি এনক্রিপশন: কী এবং কেন গুরুত্বপূর্ণ? নতুন আপডেটে চ্যাট ব্যাকআপের জন্য যুক্ত হতে পারে পাসকি ভিত্তিক এনক্রিপশন প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারীদের আর দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না।
বরং, স্মার্টফোনের ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লকের মাধ্যমেই সহজে ব্যাকআপ এনক্রিপ্ট ও আনলক করা যাবে।
এই প্রযুক্তি একদিকে যেমন নিরাপত্তা বাড়াবে, অন্যদিকে ব্যবহারকারীর অভিজ্ঞতাও করবে আরও সহজ ও দ্রুত।
আসছে নিজস্ব ক্লাউড ব্যাকআপ সুবিধা বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং আইফোন ব্যবহারকারীরা আইক্লাউড-এর ওপর নির্ভর করে চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করেন।
তবে চ্যাট ও মিডিয়া ফাইলের আকার বাড়ার কারণে এই স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ প্রায় ২GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দিতে পারে।
এর পাশাপাশি ভবিষ্যতে একটি পেইড প্ল্যানও আসার সম্ভাবনা রয়েছে, যেখানে নামমাত্র মাসিক খরচে প্রায় ৫০GB স্টোরেজ পাওয়া যেতে পারে।
নতুন এই আপডেটে ব্যবহারকারীরা পাসকি ছাড়াও পাসওয়ার্ড বা ৬৪-ডিজিটের এনক্রিপশন কী-এর মতো একাধিক নিরাপত্তা বিকল্পের সুবিধা পেতে পারেন। বর্তমানে এই ফিচারগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিছু ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নিজস্ব ক্লাউড স্টোরেজ এবং পাসকি প্রযুক্তির সমন্বয় হোয়াটসঅ্যাপ-এর নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এটি ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
মন্তব্য করুন