
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন। উপযুক্ত গল্প ও সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানিয়েছেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন কাজল। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে তিনি সরাসরি ‘না’ বললেও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা স্পষ্টভাবে জানান। কাজল বলেন, সময় ও সুযোগের সমন্বয় হলে তিনি অবশ্যই বাংলা সিনেমায় অভিনয় করতে চান।
বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ের সঙ্গে বলেন, তিনি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন।
তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
অনুষ্ঠানে নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন কাজল। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারির অংশ বলে মনে করেন।
একই সঙ্গে মন্তব্য করেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।
উল্লেখ্য, আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় কাজলের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা দেব, সংগীতশিল্পী নিকিতা গান্ধী এবং ব্রাত্য বসুসহ আরও অনেকে।
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম