
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; বৃক্ষরোপণের পর গাছ বেড়ে ওঠা পর্যন্ত নিয়মিত যত্ন ও পরিচর্যা করতে হবে। কারণ, গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করা আরও কঠিন।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ভিলেজের আয়োজনে এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের হারানো সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র ভূমিতে বৃক্ষরোপণের মাধ্যমে মুসলিম উম্মাহর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। প্রয়াত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াও সবুজায়ন বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, আমাদের গ্রিন সিটি আরও সবুজ হবে। সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নগরের খালি জায়গাসহ সকল জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, আমি খুবই আনন্দবোধ করছি। আমি এই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ব্যাপক বৃক্ষরোপণ করেছি। সবাই রাজশাহী আরো সবুজ ছিল। এখন আবার বৃক্ষরোপন করে রাজশাহীতে সবুজ সিটি হিসেবে পরিণত করা হবে।
নগরের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন। যত সহযোগিতা লাগে করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান ও রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়। মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম