
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর মোল্লা বাড়ি খালের ওপর প্রায় ৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সেতুটির নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশে পাকা সড়ক না থাকায় এটি এখনো যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা যাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে দড়িমাছিমপুর ও কলাকান্দি গ্রামের সংযোগস্থলে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৯ মিটার। ২০২১ সালের ১৩ অক্টোবর প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয়। এতে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৮৭ লাখ টাকা।
সেতুর মূল কাঠামো নির্মিত হলেও উভয় পাশে কোনো পাকা সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। মাটি থেকে সেতুটি বেশ উঁচুতে অবস্থিত হওয়ায় একপাশে প্রায় ১৪ ফুট এবং অন্যপাশে প্রায় ১৮ ফুট উঁচু বাঁশের মই বেয়ে ঝুলন্ত অবস্থায় স্থানীয়দের ওঠানামা করতে হচ্ছে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি পায়ে হেঁটে পারাপারের সময়ও মই থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক ও মাটির কাজ যথাসময়ে সম্পন্ন না করায় এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সরকারি অবকাঠামোটি কার্যত অকেজো হয়ে পড়ে আছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা ও পরিকল্পনার ঘাটতিকেই এর মূল কারণ হিসেবে দেখছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দপ্তর জানিয়েছে, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক ও প্রোটেকশন ওয়াল নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলেই সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই অনুমোদন মিলবে এবং কাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন