
যশোরের ঝিকরগাছায় আগামী ২৪ জুলাই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬"। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক প্রতিষ্ঠান ঝিকরগাছা স্পোর্টস ক্লাব।
'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক নয়, খেলায় হোক তারুণ্যের পরিচয়'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেল ৪টায় ঝিকরগাছা শহরের ডায়মন্ড প্লাজায় টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও খেলার ফিকচার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক ফুটবলার মনিরুজ্জামান পেন্টি, মোস্তাফিজুর রহমান মুন্না ও টনি মন্ডল।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।
তিনি আরও বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাঠমুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচনের পাশাপাশি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ফিকচার প্রকাশ করা হয়। এতে ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ জুলাই ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মন্তব্য করুন