
মাগুরার শালিখা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি ১০ জন কর্মহীন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ২ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনয়ারা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. গোলাম শরীফ এবং শতখালী সিংহেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী ব্যানার্জি। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের সরকারের জনকল্যাণমূলক এ উদ্যোগের সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
মন্তব্য করুন