মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

কুমিল্লা সংবাদদাতা:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

টানা বর্ষণে কুমিল্লা নগরীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

সোমবার (১৩ জুলাই) মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কর্মজীবীরা।

এদিন সকাল ১০টার দিকে কুমিল্লা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও রোগীদের শয্যার নিচেও পানি জমেছে। কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, বাইরে থেকে অতিরিক্ত পানি হাসপাতাল চত্বরে প্রবেশ করছে। বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। বৃষ্টি কমলে পানি নেমে যাবে।

নগরীর মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইন্স, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুরসহ শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। এসব এলাকার অনেক বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। কোথাও কোথাও ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

নগরীর সদর হাসপাতাল সড়কের ওষুধ ব্যবসায়ী আবুল কালাম বলেন, গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম তার দোকানের ভেতরে পানি ঢুকেছে।

একই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ জানান, তার বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। ড্রেন ও নালা দিয়ে পানি স্বাভাবিকভাবে বের হচ্ছে না।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী লিপি আক্তার বলেন, এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজেই পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে।

এদিন অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়ে কেন্দ্রে পৌঁছান। অনেকে পানিতে ডুবে থাকা সড়কে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। বর্ষার মধ্যে পরীক্ষা নেওয়ায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে যায়। অনেক চালক দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের চলাচলের জন্য নৌকার ব্যবস্থাও করা হয়।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনভর আরও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, এ কেন্দ্রে ৮টি কলেজের ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাঠে পানি জমলেও কক্ষের ভেতরে পানি প্রবেশ করেনি। যারা পানির কারণে কিছুটা দেরিতে কেন্দ্রে এসেছে, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের আওতাধীন ৬ জেলায় ভারি বর্ষণে বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। পানির কারণে যারা কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগেই তিনি বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই পানি সরে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X