
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়া পাড়া গ্রামে সাজ্জাদুল ইসলাম শাওম (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার পাশাপাশি তার মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও মুছে ফেলার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, কিসামত বসন্তপুর নয়া পাড়া গ্রামের শাহজান আলীর ছেলে সাজ্জাদুল ইসলাম শাওম দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী একটি ঘরে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। এলাকাবাসীর ভাষ্য, তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক-সংক্রান্ত অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক আবু জার গিফারি (কারেন্ট মন্টু) জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান। সেখানে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য দেখতে পেয়ে ছবি তুলতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।
তার দাবি, পরে অভিযুক্ত ব্যক্তি ফোন করে ১০ থেকে ১২ জন যুবককে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে সেখানে থাকা গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও মুছে দেন।
অভিযোগের বিষয়ে সাজ্জাদুল ইসলাম শাওম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় এলে তাকে ফোন করেই আসেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এলাকায় আরও ২৫ থেকে ৩০ জন মাদক ব্যবসায়ী রয়েছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার বা স্বীকার করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত যুবক বেপরোয়া ও প্রভাবশালী হওয়ায় অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান। একজন গ্রামবাসীর দাবি, তিনি প্রায়ই ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করেন, যার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন