
ইঞ্জিন বিকল হওয়ার কারণে চাঁদপুরে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে থাকে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করার পর ট্রেনটি সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, তিন শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি প্রতিদিনের মতো ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়।
দীর্ঘ সময় স্টেশনে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।
অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধার অভাবে তাদের দীর্ঘ সময় অনিশ্চয়তায় কাটাতে হয়েছে।
চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শোয়েব সিকদার জানান, ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।
মন্তব্য করুন