
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার কাজ চলাকালে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে একটি মর্টার শেল। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে এটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা মর্টার শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩ কেজি ৫ গ্রাম। শেলের গায়ে স্পষ্টভাবে ‘MK 17’ লেখা রয়েছে। পুলিশের ধারণা এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে মাটি সমতল করার সময় শ্রমিকরা হঠাৎ প্রায় দুই ফুট গভীরে চাপা থাকা মর্টার শেলটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে হাতীবান্ধা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, উদ্ধার করা মর্টার শেলটি বর্তমানে থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করার পর নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন