ইয়েমেনে সেনাবাহিনী-আল কায়েদা সংঘর্ষ নিহত ৪৮
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সেনা বাহিনীর সঙ্গে আল কায়েদা জঙ্গিদের সংঘর্ষে অন্ততপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা এসএবিএ জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী জঙ্গিদের মূলোৎপাটনের লক্ষ্যে শুকরা শহরে অভিযান চালায়। ৩শ’ সন্ত্রাসী শহরটি ঘিরে রেখেছিল। এটি ছিল তাদের শেষ শক্ত ঘাঁটি।
শহরটির নিয়ন্ত্রণ নিতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্ততপক্ষে ৪০ সন্ত্রাসী নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছে বলে সেনাসূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়। এসএবিএ আরো জানিয়েছে, দেশটির বিমান বাহিনী শুকরা শহরে ১শ’ দফা বিমান হামলা চালিয়েছে। গত মঙ্গলবার সেনা বাহিনী ইসলামি জঙ্গিদের প্রাদেশিক রাজধানী জিনজিবার অ্যান্ড জার থেকে বিতাড়নের লক্ষ্যে অভিযান চালায়। ওখান থেকে আল কায়েদার একজন বন্দুকধারী শুকরার পূর্বাঞ্চলে পালিয়ে যায় বলে ধারণা করা হয়। ওটিই ছিল ইসলামি জঙ্গিদের শেষ শক্ত ঘাঁটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এরআগে আকাশ হামলায় তিন নারী, দুই শিশু ও একজন পুরুষ নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার গোলাগুলিতে দুই সেনাও নিহত হয়েছে। ইয়েমেনে আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে গত বছর প্রবল গণআন্দোলন হয়। এরই ধারাবাহিকতায় সালেহ তার ডেপুটি আবদুরাবুহ মানসুর হাদির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
চলতি বছরের ফেব্র“য়ারিতে ক্ষমতা গ্রহণের পরই দেশটিতে ঘাঁটি গেড়ে বসা আল কায়েদাকে নির্মূলের অঙ্গীকার করেন তিনি। সাবেক প্রেসিডেন্ট সালেহ’র বিরুদ্ধে বিরোধীপক্ষের অভিযোগ ছিল, তিনি দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে আল কায়েদাকে শক্ত ঘাঁটি গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন।