

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয় বরং আওয়ামীলীগকেই সংসদে সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করতে হবে। এটা তাদের দায়িত্ব। অন্যথায় দেশের মানুষ তাদের এ ব্যবস্থা পুনর্বহাল করতে বাধ্য করবে।
‘তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের জন্য দুই-তৃতীয়াংশ মেজরটি নিয়ে বিএনপিকে সংসদে আসতে হবে অন্যথায় আইনী লড়াই করতে হবে’ সৈয়দ আশরাফের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নতুন করে রিমান্ডবাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা বলে আসছি যে, সরকার গণতন্ত্র ধ্বংস করতে আগেও কাজ করছে। এখন আবার ভিন্নভাবে একদলীয় শাসন কায়েমের জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা ভাবছে। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই আমরা সে নির্বাচনে অংশগ্রহণ করবো না।’’
গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘‘সরকারের লোকেরা বলছেন তারা রেফারির দায়িত্ব পালন করছে। কিন্তু এ অবস্থায় সরকার কেন রেফারির ভূমিকা পালন করবে, তাকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান করতে হবে।’’
তিনি বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতায় এসেই তা পাকাপোক্ত করতে বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নিষ্কৃয় করার ষড়যন্ত্র করে আসছে। ইলিয়াস আলীসহ বিএনপির ৩০ জন নেতাকে গুম করা হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা যখন সারাদেশে গুমের বিরুদ্ধে আন্দোলন শুরু করি তখনই সরকার মিথ্যা মামলা দিয়ে দলের শীর্ষ নেতাদের আটক করে। কিন্তু আইনী লড়াইয়ের মাধ্যমে জামিনে মুক্তির পর আবার মিথ্যা মামলায় দলের অঙ্গ সংগঠনের নেতাদের কারা গেটে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে।’’
তিনি অবিলম্বে আটক নেতাদের রিমান্ড বাতিল ও মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘জনবিচ্ছিন্ন সরকার মরিয়া হয়ে গুম খুনের রাজনীতি শুরু করেছে। শুধু বিরোধীদলকেই নয় গোটা দেশকে বিপদের সম্মুখিন করেছে।”
তিনি সরকারকে গণতন্ত্রের পথে আসার আহবান জানিয়ে বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার দেয়া সুযোগ গ্রহণ করে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।’’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক আবদুল লতিফ জনি, শামিমুর রহমান শামিম, চেয়ারপারসনের প্রেস উইং শামসুদ্দিন দিদার, শাইরুল কবির খান।

